পাম অয়েল ১৫ দিনে ৬ লাখ ৯৪ হাজার টন রফতানি মালয়েশিয়ার

0

লোকসমাজ ডেস্ক॥ কয়েক মাস ধরে মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। তবে চলতি মাসে এসে এ প্রবণতা ঋণাত্মক হতে পারে। এরই মধ্যে আগস্টের প্রথম ১৫ দিনে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় সাড়ে ১৬ শতাংশ কমে গেছে। নেতিবাচক এ প্রবণতা মাস শেষে মালয়েশিয়া থেকে পাম অয়েলের রফতানিতে মন্দা ভাব ফিরিয়ে আনতে পারে। পণ্যবাহী কার্গো পরিবহনের বৈশ্বিক সংস্থা ইন্টারটেক টেস্টিং সার্ভিসেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও স্টার অনলাইন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১-১৫ আগস্ট সময়ে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬ লাখ ৯৪ হাজার ৪০২ টন পাম অয়েল রফতানি হয়েছে। আগের মাসের একই সময়ের তুলনায় চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশটি থেকে পাম অয়েল রফতানি কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ। জুলাইয়ের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৮ লাখ ৩১ হাজার ১৫৫ টন পাম অয়েল রফতানি হয়েছিল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানি কমেছে ১ লাখ ৩৬ হাজার ৭৫৩ টন।
চলতি মাসের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে ১ লাখ ৮৫ হাজার ২২০ টন অপরিশোধিত পাম অয়েল রফতানি হয়েছে। আগের মাসের একই সময়ে দেশটি থেকে অপরিশোধিত পাম অয়েল রফতানি হয়েছিল ২ লাখ ২৮ হাজার ২৫০ টন। একই সময়ে মালয়েশীয় রফতানিকারকরা সব মিলিয়ে ২ লাখ ২৬ হাজার ৯৩০ টন পাম অলিন রফতানি করেছিলেন। চলতি মাসের একই সময়ে দেশটি থেকে পণ্যটির রফতানি কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫০ টনে। এ সময় মালয়েশিয়ান রফতানিকারকরা সব মিলিয়ে ৩৬ হাজার ৬১০ টন অপরিশোধিত পাম কার্নেল অয়েল রফতানি করেছেন। আগের মাসের একই সময়ে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ২৭ হাজার ৯০০ টন।
১-১৫ আগস্ট সময়ে মালয়েশিয়া থেকে চীনের বাজারে সবচেয়ে বেশি পাম অয়েল রফতানি হয়েছে। এ সময় চীনের বাজারে দেশটি থেকে সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ৩০৫ টন পাম অয়েল রফতানি হয়েছে। আগের মাসের একই সময়ে মালয়েশিয়া থেকে চীনে ১ লাখ ৮৯ হাজার ৪১০ টন পাম অয়েল রফতানি হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় চলতি মাসের প্রথম ১৫ দিনে ১ লাখ ৪৬ হাজার ৬৫০ টন পাম অয়েল রফতানি করেছে মালয়েশিয়া। আগের মাসের একই সময়ে দেশটি থেকে ইইউতে মোট ১ লাখ ৫০ হাজার ৫৬৫ টন পাম অয়েল রফতানি হয়েছিল। একইভাবে চলতি মাসের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে ভারত, বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোয় সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ২৬৫ টন পাম অয়েল রফতানি হয়েছে। আগের মাসের একই সময়ে এসব দেশে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৯৫ টন পাম অয়েল রফতানি করেছিল মালয়েশিয়া।
করোনা মহামারীর কারণে মন্দা ভাবের মধ্য দিয়ে বছরের শুরুটা পার করলেও তিন মাস ধরে মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। মে মাসে দেশটি থেকে পাম অয়েল রফতানি আগের মাসের তুলনায় ৭ শতাংশ বেড়ে ১২ লাখ ৫৬ জাচার ৩৯৫ টনে উন্নীত হয়েছিল। জুনে মালয়েশিয়া থেকে পাম অয়েল রফতানি আরো ২৯ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ২২ হাজার ৪৩২ টনে। আর গত মাসে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৭ লাখ ১৬ হাজার ৯৮০ টন পাম অয়েল রফতানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেশি। তবে চলতি মাসের প্রথম ১৫ দিনের তথ্য বিশ্লেষণ করে আগস্ট শেষে মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে মন্দা ভাব ফিরে আসার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।