যশোর সিটি কলেজপাড়ার সাগর হত্যা মামলার চার্জশিট দাখিল

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সিটি কলেজপাড়ার মেহেদী হাসান সাগর হত্যা মামলায় চার্জশিট আদালতে দাখিল করেছে সিআইডি পুলিশ। এতে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। ওই চার্জশিটে নারীঘটিত বিষয় ও মাদক ব্যবসা নিয়ে পূর্বশক্রতার জেরে সাগরকে খুন করা হয় বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছে-সিটি কলেজ বউ বাজার এলাকার ওহিদুল ইসলামের ছেলে আবু হুরাইরা, বারেকের ছেলে রাকিব, খুলনা দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের বর্তমান যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার তরিকুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম আশিক, সিটি কলেজ বউবাজার এলাকার শহিদের ছেলে আলা আমিন, শামসুর রহমানের ছেলে মুরাদ ও জাহিদের স্ত্রী মোছা. মঞ্জুরা।
উল্লেখ্য, নিহত সাগর যশোর শহরের সিটি কলেজপাড়া বউবাজার এলাকার জালাল হোসেনের ছেলে। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিটি কলেজ বউ বাজার কলোনি জামে মসজিদের পাশে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়। পরে তাতে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ তার মৃত্যু হয়।

ভাগ