স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিপ্লব মোল্লা (২৭) নামে এক যুবক হত্যার আড়াই মাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের পিতা সদর উপজেলার কামারগন্না মধ্যপাড়ার বাসিন্দা ইউনুচ আলী গত মঙ্গলবার রাতে এ মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি নিহতের স্ত্রী কুলসুম আক্তার (২৬)সহ ৩ জনকে আটক করেছে। অপর দুজন হচ্ছেন-নিহতের বন্ধু জগমোহনপুর উত্তরপাড়ার আব্দুল হাইয়ের ছেলে তাসবিরুল হোসেন হৃদয় (২৬) ও ইছালী পূর্বপাড়ার আবু তাহেরের ছেলে আব্দুল মতিন (২৪)। নিহতের পিতা ইউনুচ আলীর অভিযোগ, তার ছেলে বিপ্লব মোল্লা ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী কুলসুম আক্তার এবং ছেলে মেহেদী হাসান শাকিব (৬) ও রবিউল ইসলাম নিহাতকে (৪) নিয়ে তিনি (বিপ্লব মোল্লা) পুরাতন কসবা ঘোষপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ৩ জুন রাত আড়াইটার দিকে হৃদয় ও মতিন অ্যাম্বুলেন্স নিয়ে তার (ইউনুচ আলী) বাড়ি গিয়ে জানান, বিপ্লব মোল্লা মারা গেছে। এ খবর পেয়ে রাতেই তারা পুরাতন কসবা ঘোষপাড়ায় ছেলের বাসায় ছুটে আসেন। এ সময় ছেলের স্ত্রী কুলসুম আক্তার তাকে জানান, রাতে দুটি ডিম খাওয়ার পর বিপ্লব মোল্লার এ অবস্থা হয়েছে। এরপর তিনি ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই সময় থানায় একটি অপমৃতু মামলা হয়। সম্প্রতি তিনি ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছেন। তাতে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। তিনি জানান, তার ছেলের স্ত্রীর স্বভাবচরিত্র ভালোনা। এই স্ত্রীই তার ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন। এ কাজে ছেলের ওই দুই বন্ধু সহযোগিতা করেছেন বলে তিনি সন্দেহ করছেন।





