রিফাত রহমান, চুয়াডাঙ্গা॥ উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগে আক্রান্ত ৭৬ জন রোগীর মাঝে ৩৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় যে সকল দরিদ্র রোগী আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা নিতে পারছেন না তাদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা সমাজ সেবা কার্যালয় এ উদ্যোগ গ্রহণ করেছে। ৪৬৬ জনের মধ্যে থেকে প্রথমে ৭৬ জনকে সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, জেলা সমাজ সেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।





