লোকসমাজ ডেস্ক॥ অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাটির তৃতীয় ও সর্বশেষ ধাপের পরীক্ষা হবে ভারতের ১৭ হাসপাতালে। ওষুধ প্রস্তুতকারী বৃটিশ-সুইডিশ প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার সঙ্গে মিলে অক্সফোর্ডের বিজ্ঞানীরা এ টিকাটি তৈরি করেছেন। ভারতীয় বার্তা সংস্থা জানিয়েছে, টিকাটির শেষ ধাপের পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। ভারতে প্রতিষ্ঠানটিকে মধ্যম আয়ের ও নি¤œ আয়ের দেশগুলোর জন্য টিকাটি উৎপাদনের অনুমোদন দিয়েছে এস্ট্রাজেনেকা। এ খবর দিয়েছে লাইভমিন্ট।
খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে ভারতে করোনা টিকার পরীক্ষা চালানোর অনুমোদন দেয় ড্রাগস কনট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। অক্সফোর্ডের পরীক্ষাটি নিয়ে কর্মকর্তারা জানান, শেষ ধাপের পরীক্ষাটি হবে পর্যবেক্ষকহীন, এলেমেলো ও নিয়ন্ত্রিত। করোনার বিরুদ্ধে টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা নির্ধারণে এ পরীক্ষা করা হবে। এজন্য ভারতজুড়ে ১৭টি স্থান নির্বাচন করা হচ্ছে।
এই পরীক্ষায় অংশ নেবেন ১ হাজার ৬০০ প্রার্থী। তাদের চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়া হবে পরীক্ষা শুরুর প্রথম দিন ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে শেষ ও ২৯তম দিন।





