অনূর্ধ্ব-১৯ দিয়ে শুরু ক্রিকেটে করোনা পরীক্ষা

লোকসমাজ ডেস্ক॥ মিরপুর শেরেবাংলায় ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন তামিম জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর আগেই হয় করোনা পরীক্ষা। ফলাফল আসতেই শুরু হয়ে যায় হৈ চৈ। কারণ অর্ধেকের বেশি ফুটবলারের শনাক্ত হয় কোভিড-১৯। আগেই জানা ছিল ক্রিকেটারদের মাঠে ফেরাতেও কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক। গতকাল অনূর্ধ্ব-১৯ দলের নমুনা সংগ্রহের মধ্য দিয়ে শুরু হলো ক্রিকেটারদের করোনা পরীক্ষার পালা। প্রথম দিনে ১৫ ক্রিকেটারের সঙ্গে ৯ কোচিং স্টাফ ও একজন গাড়ির ড্রাইভারের নমুনা নেয়া হয়। এছাড়াও আরো দু’জনের নমুনা সংগ্রহ করা হয়। আজ সেই ফলাফল দেয়া হবে।
যারা নেগেটিভ আসবে তারা যাবে বিকেএসপিতে এক মাসের ক্যাম্পে। এ বিষয়ে যুবদলের ম্যানেজার সজল আহমেদ চৌধুরী দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমাদের আজ ২৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। বিসিবি ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় ক্রীড়াপল্লীতে পরীক্ষার জন্য বুথ করা হয়েছে। ক্যাম্পের জন্য ৪৫ ক্রিকেটার ডাক পেয়েছে। এর মধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ১৫ জনের। প্রধান কোচ, বোলিং কোচসহ কোচিং স্টাফের ৯ জনের নমুনা নেয়া হয়েছে। পরীক্ষা দিতে হয়েছে ক্রিকেটাররা বিকেএসপিতে যাবে যে বাসের ড্রাইভারসহ আরো ৩ জনকে।’ বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে ফলাফল। কেউ পজেটিভ হলে বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে। যারা নেগেটিভ তাদের পাঠিয়ে দেয়া হবে বিকেএসপির ক্যাম্পে। বিকেএসপিতে যুবাদের স্কিল অনুশীলন শুরু হবে আগামী ২৩শে আগস্ট। ক্যাম্প চলবে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৫ জন করে তিন গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। ক্যাম্পের জন্য নির্বাচিত অবশিষ্ট ৩০ ক্রিকেটারের পরীক্ষা নেয়া হবে মঙ্গল ও বৃহস্পতিবার। পরীক্ষা শেষে ২১শে আগস্টের মধ্যেই বিকেএসপিতে হাজির হতে হবে ক্যাম্পে ডাক পাওয়া সবাইকে। ক্যাম্প শুরু থেকে শেষ পর্যন্ত আর কেউই বিকেএসপি থেকে বের হতে পারবে না। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তারা এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা। আকবরদের পালা শেষ। করোনা বিরতি কাটিয়ে এবার ২০২২ যুব বিশ্বকাপের জন্য নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।

ভাগ