আজ খালেদা জিয়ার জন্মদিন : নেই কোনো আয়োজন

বিশেষ প্রতিনিধি॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আজ ৭৬তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর দল বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো কোনো অনুষ্ঠান আয়োজন করেনি। আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে তাই নেই কোনো আয়োজন। গত চার বছর ধরে খালেদা জিয়ার জন্মদিন কেক কেটে উদ্‌যাপন করা হচ্ছে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি ১৫ই আগষ্ট নেওয়া হয়নি দলীয় ও পারিবারিকভাবে নেয়া হয়নি কোন কর্মসূচি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আগামীকাল শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন হবে। তিনি জানান, আগামীকাল বিকেলে বাদ আসর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও একই আয়োজন হবে। দুটি দোয়া মাহফিলেই দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণ করার কথা।
খালেদা জিয়া দুই বছরের বেশি সময় জেলে থাকার পর সরকারের নির্বাহী আদেশে এখন ছয় মাসের জন্য মুক্ত হয়ে বাসায় আছেন। নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎও খুব কম হয়। জাতীয় শোক দিবসে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি নিয়ে বিতর্ক বেশ আগে থেকেই। তবে ২০১৬ সাল থেকে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয় না। ২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা, বন্যাসহ বিভিন্ন কারণে এবং ২০১৭ সালে চিকিৎসার জন্য বিদেশে থাকায় ওই বছরগুলোতে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্‌যাপন করেনি বিএনপি। ২০১৮ সালে ১৫ আগস্ট কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। ২০১৯ সালের ১৬ আগস্ট দোয়া মাহফিলের আয়োজন করে। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করে আসছে বিএনপি। ২০১৫ সাল পর্যন্ত এটি হয়ে আসছিল। ওই সময়ে ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতেন খালেদা জিয়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করত।

ভাগ