স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের পর তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঈদ-উল-আযহার পরদিন মায়ের সাথে আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার পথে তরুণ বর্মন (৩৫) নামে এক সন্ত্রাসী লোকজন নিয়ে তাকে অপহরণ করে এবং ঢাকায় নিয়ে ধর্ষণ করে। অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে ঢাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং তরুণ বর্মনকে আটক করেন। অভয়নগরের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ধর্ষিতার মাতা জানিয়েছেন, ২ আগস্ট তিনি তার কন্যা, ভাটপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে ভ্যানযোগে ডেবার্দি গ্রামে বাপের বাড়ি যাচ্ছিলেন। গ্রামের মালোপাড়ার কাছ থেকে সন্ত্রাসী তরুণ কুমার বর্মন ৪ জন লোক নিয়ে এসে ভ্যানের গতিরোধ করে এবং তার সামনে মেয়ের মুখ চেপে ধরে মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে সেখানে ধর্ষণ করে। এরপর আইডি কার্ড না থাকায় বাড়ির মালিক তরুণ কুমার বর্মনকে তাড়িয়ে দেয়। এরপর অন্য বাসা খোঁজ করা অবস্থায় পুলিশ সংবাদ পেয়ে তরুণ কুমার বর্মনকে গত ৭ আগস্ট আটক করে এবং ধর্ষনের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার করে।এ ব্যাপারে অভয়নগর থানায় মামলা হয়েছে। গত ১০ আগস্ট যশোর ২৫০ শয্যা হাসপাতালে ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। আটক তরুণ বর্মণকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তরুণ বর্মণ স্থানীয় বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বলে ধর্ষিতার মাতা জানিয়েছেন। এদিকে ধর্ষিতা জানিয়েছে, তরুণ বর্মণের স্ত্রী ও সন্তান রয়েছে। তাকে পথের মাঝ থেকে জোরপূর্বক অপহরণ করে কয়েকদিন ধরে ধর্ষণ করে তরুণ কুমার বর্মন।




