শংকরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক জখম

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু নামে এক যুবক জখম হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝন্টু ওই এলাকার বাকার ছেলে। এলাকার একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঝন্টু শংকরপুর ছোটনের মোড়ের কাছে লিয়াকতের বাড়ির সামনে যান। সে সময় পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সাব্বিরসহ ৩/৪ জন তাকে ছুরিকাঘাতে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে ঝন্টু অন্ধকার স্থানে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। সে সময় কে বা কারা এসে তাকে ছুরিকাঘাত করে বলে জানতে পেরেছি। কিন্তু ঝন্টুর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি।

ভাগ