ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় মো. ইমান আলী মোল্লা (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২ টায় খুলনা-চুককনগর মহাসড়কের আঙ্গারদহা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের মিকশিমিল-রুদাঘরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ও স্হানীয় পল্লী চিকিৎসক ছিলেন।
খর্ণিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হক বলেন, ইমান আলী শোলগাতিয়া বাজারে পল্লী চিকিৎসক হিসেবে ওষুধের ব্যবসা করেন। তিনি খুলনা থেকে নিজের মোটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন। মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট ১১-৭১১৩ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।




