ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন-ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আক্কাস আলী মন্ডলের ছেলে ওসমান গনি, শহরের মদনমোহন পাড়ার নিমাই চন্দ্রের ছেলে পরিবহন ব্যবসায়ী অরুণ বিশ্বাস ও শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জেলা জজ আদালতের পেশকার বাদশা আলম। ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান শুক্রবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। এছাড়া ঝিনাইদহে নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১০৭৫ জন আক্রান্ত হলেন। ইসলামী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অরুন কুমার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার তিনি মারা যান। শৈলকুপার কবিরপুর গ্রামের বাদশা আলম জ্বর, কাশি ও বুকে ব্যথা নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পারগোপালপুর গ্রামের ওসমান গণি করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ কেভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার মারা যান তিনি। ঝিনাইদহে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম, শৈলকুপায় ফিল্ড সুপারভাইজার আব্দুর রাজ্জাক ও মহেশপুর উপজেলায় ফিল্ড সুপারভাইজার কামরুল হাছানের নেতৃত্বে মৃত ব্যক্তিদের দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ৩৯ জনের লাশ তারা দাফন করলেন।

ভাগ