সাপের কামড়ে দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে একই রাতে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে উপজেলার হরিহরা ও আহসাননগর গ্রামে। মৃত ব্যক্তিরা হলেন-হরিহরা গ্রামের আল আমিনের শিশু কন্যা জেরিন (৩) ও আহসাননগর গ্রামের জোনাব আলী মন্ডলের ছেলে রশিদ মন্ডল (২০)। হরিহরা গ্রামের কলেজ শিক্ষক মিলন জানান, শিশু জেরিন বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঘুম থেকে জেগে কাঁদতে থাকে। এরপর তার মা জেগে দেখে তার শিশুর হাতে রক্ত ও কালো একটি সাপ বাইরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এদিকে শৈলকুপার আহসাননগর গ্রামের রশিদ মন্ডলকে সাপে কামড়ালে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শৈলকুপা থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান বিষধর সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

ভাগ