ঝিকরগাছায় অর্থবাণিজ্যের সংবাদ প্রকাশ হওয়ায় টাকা ফেরত পেল পরিবার

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় বৃদ্ধার মৃত্যুতে অর্থবাণিজ্যের ঘটনায় দৈনিক লোকসমাজসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সাড়ে ৭ হাজার টাকা ফেরত পেল ভুক্তভোগী পরিবার। গত শুক্রবার উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের হাসান আলীর মা হাসিনা বেগমের মৃত্যুর ঘটনা তার ছেলের ওপর চাপিয়ে স্থানীয় একটি কুচক্রী মহলের যোগসাজশে সাংবাদিক পরিচয়ে অর্থবাণিজ্যের ঘটনা ঘটে। যা শনিবার দৈনিক লোকসমাজসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহান আলী এদিন দুপুরে ওই পরিবারের কাছে সাড়ে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন। বিষযটি নিশ্চিত করেছেন মৃতের স্বজন শরিফুল ইসলাম। সাবেক ইউপি সদস্য জাহান আলী সাড়ে ৭ হাজার টাকা ফেরতের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, টাকা বিভিন্ন হাতে ভাগ হয়েছিল । তাছাড়া মৃতের পরিবার কার কার কাছে কিভাবে টাকা দিয়েছিল তা তিনি সব জানেন না। তবে বাকি সব টাকা ফেরতের দাবি করেছেন এলাকাবাসী।

ভাগ