শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে কাঁকড়া ধরার সময় মালামালসহ ৩ জেলেকে আটক করেছে বন-বিভাগের সদস্যরা। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে কোবাতক স্টেশন কর্মকর্তা (এস.ও) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সুন্দরবনের বাটুলা নদী সংলগ্ন আড়পাঙ্গাশিয়া খাল থেকে নৌকাসহ ৩ জেলেকে আটক করেন। আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবিয়ার রহমান (৫৫), তার ছেলে শাহপরান (২৫) এবং একই গ্রামের মৃত ইদ্রিস তরফদারের ছেলে শরিফুল ইসলাম (১৯)। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় জেলেদের কাঁকড়া ধরার সময় ৩ জেলেকে আটক ও তাদের ব্যবহৃত ২ টি নৌকা, ৩০ কেজি কাঁকড়া ও ৪ শ মিটার জালসহ আনুষঙ্গিক দ্রব্যাদি জব্দ করা হয়। আটক জেলেদের বনআইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




