স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা বাজারে এক রাতে দু দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠান দু টির সার্টার ভেঙে চোরেরা নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। উপজেলা পরিষদের সামনের সড়কে অবস্থিত দোকানে এমন চুরি হওয়ায় বাজারে ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে। জানা গেছে, বুধবার দিবাগত রাতে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের উপজেলা পরিষদের সামনে মিলন মিউজিক ও আনিছুর ট্রেডার্সে চুরি হয়। চোরেরা দোকান দুটির সার্টার ভেঙে টাকা ও মালামাল নিয়ে যায়। মিলন মিউজিকের মালিক মিলন হোসেন জানান, চোরেরা তার দোকানে ঢুকে প্রথমে সিসি ক্যামেরার মুখ উপরের দিকে উঠিয়ে দেয়। এরপর ক্যাশ ভেঙে নগদ ৬ হাজার টাকাসহ মোবাইল ফোন সেট, সিমকার্ড, মেমোরি কার্ড ও মোবাইল কার্ডসহ ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। মুদি ব্যবসায়ী আনিছুর রহমান জানান, তার দোকানের সার্টার ভেঙে ২০ থেকে ২৫ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দু ব্যবসায়ী থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।





