বাগেরহাটে প্রতিপক্ষের মারপিটে আহত শিশুর পরিবারকে আসামিদের হুমকি

বাগেরহাট সংবাদদাতা ॥ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দিন কাটাচ্ছে বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় আহত শিশু হোসাইন শেখ (১৩)। হামলার ২৫ দিন পার হলেও দাপটের সাথে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন হামলাকারীরা। উল্টো আহত হোসাইনের পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছেন মামলা তুলে নেয়ার জন্য। মামলার এতদিন পরেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশু হোসাইনের চাচা ও মামলার বাদী মো. আবু তালেব শেখ।
মামলার বাদী মো. আবু তালেব শেখ বলেন, ১৩ জুন বিকেলে বাজার থেকে আসার পথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আনোয়ার শেখ, আউলিয়া ওরফে জাবেদ শেখ, রফিক শেখসহ কয়েকজন আমার বড় ভাই হামিজ উদ্দিন শেখ ও তার শিশু সন্তান হোসাইন শেখের ওপর হামলা করেন। তারা রামদা দিয়ে আমার ভাতিজার মাথায় কোপ দেন, লোহার রডের বাড়িতে আমার ভাইয়ের হাত ভেঙে যায়। আমার ভাইয়ের কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান তারা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় আমার ভাই ও ভাতিজাকে হাসপাতালে ভর্তি করি। ১৪ জুন আউলিয়া ওরফে জাবেদ শেখসহ ১৪ জনকে আসামি করে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু মামলা দায়েরের ২৫ দিন পার হলেও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করেনি। উল্টো মামলা তুলে নেয়ার জন্য আসামিরা আমাদের হুমকি-ধামকি দিচ্ছেন। আমাদের বাড়ির অন্যান্য শিশুরা রাস্তায় বের হলে তাদেরকে মারধর করেন। এই অবস্থায় যে কোন মূল্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।’ চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক বলেন, পিতা-পুত্র আহতের মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাগ