শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে জেলেরা বিনা অনুমতিতে বনে ঢুকে কাঁকড়া ধরার সময় পাঁচটি নৌকা আটক করেছেন বনবিভাগের সদস্যরা। গত সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা স্টেশন কর্মকর্তা (এসও) এম.এ সাঈদ ও মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বনবিভাগ। এ সময় সুন্দরবনের হাড়িভাঙা নদী ও টেরকাটি খাল থেকে এসব নৌকা আটক করা হয়। বন-বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় জেলেদের ব্যবহৃত ৫ টি নৌকা, ১ হাজার মিটার জাল ও দাসহ আনুসঙ্গিক জিনিষপত্র জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জেলেরা সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার সময় তাদের পাঁচটি নৌকা ও মালামাল আটক করা হলেও জেলেরা পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।





