স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর পৌরসভার অন্তর্গত পশুহাটটি লোকসানের মুখে পড়েছে। হাটে গরু না উঠায় পশুহাট মালিকরা এ লোকসানের মুখে পড়েছেন। করোনা ভাইরাসের কারণে তিন মাস বন্ধ ছিলো পশুহাট। পশুহাট মালিক আবু কালাম জানান, ভ্যাটসহ পশুহাটটি প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকায় দরপত্রের মাধ্যমে কেনা। সে হিসেবে প্রতিহাটে ১ লাখ ৮০ হাজার টাকা উঠানোর কথা। কয়েকদিন পরে ঈদুল আজহা। চলমান করোনা পরিস্থিতির কারণে এবার বেশ কঠিন পরিস্থিতির মধ্যে হাট চালাতে হচ্ছে। ঈদুল আজহার প্রধান উৎসব কোরবানি। তাই গরু হাট জমে উঠার কথা। কিন্তু এবার শূন্য পশুহাট। এর ওপর কেশবপুরের সাতবাড়িয়া বাজারে অবৈধভাবে একটি পশুহাট গড়ে উঠেছে। এই হাটটি বন্ধের দাবি জানান তিনি। করোনাকালে এ পশুহাট মালিকরা চরম হতাশায় ভুগছেন। এ হাটের ইনচার্জ ইকবাল খান তোতা জানান, এখন প্রতিদিন ১০ থেকে ২০ হাজার টাকা আদায় হচ্ছে। কর্মচারীদের বেতন এবং হাটের টাকা মিলে কোটি টাকা তির আশঙ্কা রয়েছে।




