লোকসমাজ ডেস্ক॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়। সাহারা খাতুনের ভাগনে মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে। জানা গেছে, গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেণ কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।





