স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর মুড়লিতে অনৈতিক কর্মকান্ডে ধরা পড়ে এক ব্যক্তির মোটা অংকের টাকা খেসারত দিতে হয়েছে বলে ব্যাপক গুঞ্জন চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, মুড়লি খাঁ পাড়ার এক ব্যক্তি (একটি স্কুলের প্রতিষ্ঠাতা) গত শনিবার রাত ১০ টার দিকে স্থানীয় এক যুবতীর ঘর থেকে ধরা পড়েন। স্থানীয় কতিপয় লোক তাকে ধরে তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ আনেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একটি স্থানে। তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে মানসম্মানের ভয়ে তিনি মোটা অংকের খেসারত দিতে বাধ্য হন। তবে তাকে এক লাখ টাকা খেসারত দিতে হয়েছে বলে এলাকায় প্রচার রয়েছে। এ খবর জানতে পেরে ওই রাতেই সেখানে হানা দিয়েছিলেন কোতয়ালি থানা পুলিশের একজন কর্মকর্তা। কিন্তু তিনি পৌঁছানোর আগেই লোকজন সেখান থেকে চলে যান। বিষয়টি মুড়লি এলাকায় ব্যাপক আলোচিত হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, এ ধরনের কোন ঘটনা তার জানা নেই।




