চৌগাছায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চৌগাছায় সেনাবাহিনীর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা সরকারি কলেজে এই মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল ডা. ফাতেমা জেরিন খানের নেতৃত্বে সেনাবাহিনীর ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন চিকিৎসক। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ৫০ জন করে প্রায় ৬শ প্রসূতিকে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা শেষে দরিদ্র প্রসূতি মায়েদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল প্রমুখ।

ভাগ