খেলাপি ঋণের কারণে পদ হারালেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক

লোকসমাজ ডেস্ক॥ খেলাপি ঋণ সংশ্লিষ্টতার কারণে মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান পরিচালক শিল্পপতি এ এস এম ফিরোজ আলমকে ব্যাংকটির পর্ষদ থেকে সরে যেতে হলো। ব্যাংকটির বোর্ড তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দিলেও পরিচালক পদে অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। রবিবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি মার্কেন্টাইল ব্যাংকের এমডির কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এ এস এম ফিরোজ আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৫(৬)(উ) ধারা বিধান অনুযায়ী এ এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেওয়ার সুযোগ নেই।
ওই চিঠিতে এ কে এম সহিদ রেজা, আলহাজ মোশারফ হোসেন এবং এম আমান উল্লাহকে ব্যাংকের পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রসঙ্গত, এ এস এম ফিরোজ আলম ব্যাংকিং এবং লিজিং ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলার কালাইয়াতে ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

ভাগ