কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সামনে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবশেষে বন্ধ হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত শুক্রবার সকাল থেকে উপজেলার বাকসা গ্রামের মৃত সামছের আলীর ছেলে মিজানুর রহমান ও মহাসিন আলী কেড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সামনে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেন। বিষয়টি বাজারের লোকজন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা’কে জানালে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর প্রেেিত উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ওইদিন বিকালে সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের সমন্বিত ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম স্থগিত করেন। এবং পরবর্তীতে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে কঠোর নিষেধাজ্ঞা দেন। এ ব্যাপারে জানতে চাইলে সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের সমন্বিত সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় জানান, আমারা ইউএনও স্যারের নির্দেশনায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী বন্দোবস্ত পেলে ঘর নির্মাণ করতে পারবেন, না হলে পারবেন না।




