ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খানজাহান আলী থানাধীন যোগিপোলের ঠিকাদার আজিজুর রহমান পল্টুর বাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ লুণ্ঠিত টাকা, স্বর্ণালঙ্কারের আংশিক উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হওয়ায় ব্যবসায়ী পল্টু বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। পুলিশ খানজাহান আলী, দৌলতপুর এবং সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত থাকায় একাধিক মামলার আসামি রাজিব সরদার (২৪), মো. ইউসুফ আকন (৩৬), মো. রুবেল শেখ (১৯) এবং মো. রাসেল শেখ (২৩) কে গ্রেফতার করে। বাকি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সাথে আরো কারা জড়িত তা উদঘাটনে আটককৃতদেরকে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, খানজাহান আলী থানার ঠিকাদার আজিজুর রহমান পল্টুর যোগীপোলের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে। কেএমপি উত্তর বিভাগের টিম লিডার ডিসি মোল্লা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আংশিক টাকা. স্বর্ণালঙ্কার উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ১৯ হাজার টাকা, এক ভরি ৩ আনা সোনা এবং ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাকু ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খানজাহান আলী, দৌলতপুর এবং সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত মূলহোতা রাজিব সরদার তার সহযোগী রুবেল শেখ, রাসেল শেখ এবং ইউসুফ আকনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।





