ভ্যাট জটিলতা নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

লোকসমাজ ডেস্ক॥ ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতা সমাধান না হলে সারাদেশে কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই হুমকি দেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম। তিনি বলেন, ‘ভ্যাট জটিলতার সমাধান না হলে সীমিত আকারে সারাদেশে ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিয়েছি।’
সংবাদ সম্মেলনে বলা হয়, সুবিধামতো সময়ে দুই থেকে এক ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা হবে। কবে কখন এই কর্মসূচি নেওয়া হবে তা সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আইএসপিএবি সভাপতি বলেন, ‘জুলাই মাসের মধ্যে দাবি না মানা হলে এ কর্মসূচিতে যাব আমরা।’ তিনি বলেন, দাবি মানা না হলে ইন্টারনেট বন্ধের এ কর্মসূচি ধাপে ধাপে অর্থাৎ প্রতিমাসে বা সপ্তাহে সপ্তাহে চলমান থাকবে। মহামারীকালে যখন ভার্চুয়াল যোগাযোগের জন্য ইন্টারনেটে মানুষের নির্ভরতা অনেক বেড়েছে, তখন ব্রডব্যান্ড সেবাদাতারা এই হুমকি দিল। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সারা দেশে ৮০ লাখের বেশি বাড়িতে তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেছেন প্রায় সাড়ে ৩ কোটি গ্রাহক।

ভাগ