স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বিদ্যুতস্পৃষ্টে দুখু মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে দুখু মিয়া নিজ বাড়িতে বিদ্যুতচালিত মোটর মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্টে মারাত্মক আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুজ্জামান জানান, এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাদ মাগরিব নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।




