স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনছারুল হক রানা (৪৫) করোমুক্ত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ জীবন-যাপন করছেন। গত ১৫ জুন তিনি কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আনছারুল হক রানার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গত ১৫ জুন পজেটিভ রিপোর্ট আসে। সেই সময় থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। দু’বার ফলোআপ নমুনা পরীক্ষায় গত ২৯ জুন তার রিপোর্ট নেগেটি আসে। এদিন আনছারুল হক রানাকে করোনামুক্ত ঘোষণা করা হয়। যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক কর্মকর্তাগণ তার বাসভবনে গিয়ে করোনামুক্ত ঘোষণা করেন এবং করোনা বিজয়ীর শুভেচ্ছাপত্র তুলে দেন। আনছারুল হক রানা করোনা জয় করায় যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার মৃত আইনুল হকের পুত্র।
এদিকে, যশোর শহরের এইচএমএম রোডের কাঁচামালের আড়ৎ রবি ভান্ডারের মালিক লোন অফিসপাড়ার বাসিন্দা রবিন বিশ্বাস (৫৮) করোনামুক্ত। গত ২৭ জুন করোনার উপসর্গ নিয়ে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। এ সময় তিনি ঢাকায় না গিয়ে নিজ বাসভবনে চিকিৎসা নিতে থাকেন। ২৮ জুন হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ জুন নমুনা পরীক্ষা হয়। পরীক্ষায় তার নমুনা নেগেটিভ বা করোনামুক্ত প্রমাণিত হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, রবিন বিশ্বাস করোনামুক্ত।




