স্টাফ রিপোটার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব ব্রিজের উপর মোটরসাইকেল দুর্ঘটনায় আল মাসুদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ব্রিজের উপর নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বিশাল নামের অপর যুবক। এলাকাবাসী ও অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার বউবাজার এলাকার জুলফিকার আলী সরদার ওরফে জুলুর ছেলে আল মাসুদ তার বন্ধু মামুনুর রশীদের ছেলে বিশালকে নিয়ে মোটরসাইকেলযোগে ভৈরব ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আল মাসুদ মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বিশাল। তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





