স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে তাদের কোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। দুই কর্মকর্তা হলেন এটিএসআই আলি হোসেন ও দিলিপ কুমার মজুমদার। সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, স্থানীয় পোস্ট অফিস মোড়ে পুলিশ বক্সের সামনে কর্তব্য পালন করছিলেন সার্জেন্ট শাহারিয়ার, এটিএসআই আলমগীর, দিলিপ কুমার মজুমদার, কনস্টেবল লতাফাত এবং নিমাই চন্দ্র। হঠাৎ সেখানে আসেন এটিএসআই আলি হোসেন। তিনি পুলিশ বক্সে ঢুকেই দিলিপের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উত্তপ্ত কথাবার্তার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় দুই জনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ বক্স থেকে দু’জনই বেরিয়ে আসেন। শুরু হয় আরেক দফা হাতাহাতি। সিসিটিভি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। শেষ পর্যন্ত উপস্থিত অন্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সার্জেন্ট শাহারিয়ার।
পুলিশের একটি সূত্র জানায়, জেলা শহরে অপরাধ দমনে অতিসম্প্রতি শতাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। ক্যামেরাগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে একটি আইসিটি ক স্থাপন করা হয়েছে। সূত্র মতে, ঘটনাটি যখন ঘটে তখন পুলিশ সুপার নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন। তিনি নিজেও ভিডিও দেখেন। এরপরও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন তার কাছে। বিকাল ৩ টার দিকে পুলিশ লাইনে কোজ করা হয় মারামারির সঙ্গে জড়িত ওই দুই পুলিশ কর্মকর্তাকে। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক গৌরাঙ্গ পাল খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ডিউটি ভাগ করা নিয়ে এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান গণমাধ্যম কর্মীদের জানান, ভিডিও আমি নিজে দেখেছি। তার ভাষায়, পুলিশ বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাউকে ছাড় দেয়া হবে না। বিকেলে দুই পুলিশ কর্মকর্তাকে লাইনে কোজ করা হয়।





