কুমড়া ভরা পিকআপ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে মিষ্টি কুমড়াভর্তি পিকআপ থেকে র‌্যাব ১১ কেজি গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় পিকআপ ভ্যানের ড্রাইভার মারুফ হোসেন ও হেলপার হাসমত মোল্লা র‌্যাবের হাতে আটক হলেও পালিয়ে গেছে মাদক পাচারের মূল হোতা বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ও তার সহযোগী চুয়াডাঙ্গার শহিদুল। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া থেকে একটি মিষ্টি কুমড়াবোঝাই পিকআপ ভ্যানে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। পিকআপ ভ্যানটি ঝিনাইদহের উপর দিয়ে যাবে। সংবাদ পেয়ে র‌্যাব ক্যাম্পের সামনের সড়কে চেক পোস্ট বসান ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমান। পিকআপ ভ্যানটি ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর ১নম্বর গেটে পৌঁছলে র‌্যাব থামানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব গাড়ির ড্রাইভার ও হোলপারকে আটক করতে পারলেও পালিয়ে যায় নজরুল এবং শহিদুল। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকার ১১ কেজি গাঁজা, এক লাখ ১৭ হাজার টাকার ১১৭ বোতল ফেনসিডিল, ৫৪ বস্তা মিষ্টি কুমড়া, ৩টি মোবাইল সেট, ৩টি সিমকার্ড ও মাদক বিক্রির ৩ হাজার ৮১০ টাকা জব্দ করে ল্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভাগ