শামসুল আলম খোকন, ফুলতলা (খুলনা) ॥ খুলনার ফুলতলায় করোনায় আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। গত সোমবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুলতলার যুগিনীপাশা গ্রামের মৃত পুলিশ সদস্য শহিদ মোল্যার স্ত্রী। মঙ্গলবার সকালে সকল নিয়মকানুন মেনে নামাজে জানাজা শেষে মোল্যাপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে নতুন করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই সিনিয়র নার্সসহ ১৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে ফুলতলা উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। তবে গত এক সপ্তাহে ফুলতলায় করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা হলেন-ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইতি রানী বিশ্বাস (৪৭) ও রেবা রানী (৫২), দামোদর গ্রামের আবুল হাসান (৩১), আব্দুল মান্নান (৫৭), বেজেরডাঙ্গার আমিন (৩৮), নাউদাড়ি গ্রামের তানভীর সজীব (২১), শীতপাশারডাঙ্গার হাফিজুর রহমান (৫০), আটরা গিলাতলা ইউনিয়নের মনিরুল ইসলাম (৪২), শহিদুর রহমান (৫৩), মো. মাহমুদুল হক (৩৮), রনজিৎ মন্ডল (৫০), আবু তালেব (৪০), আরিফুজ্জামান (২৬), আফিলগেটের রমজান আলী (৪১) ও শিরোমনির মো. রাকিব (৩৫)। আক্রান্তদের বাড়িতে গিয়ে থানা পুলিশের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করা হয়। এদিকে ইতিপূর্বে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। এরা হলেন-ইস্টার্ণ জুট মিলের উপ-ব্যবস্থাপক মো. পারভেজ, উপ-ব্যবস্থাপক শারমিন, পুলিশের এএসআই মাহমুদ হোসেন, শ্রমিক পারুল, মেহেদী হাসান ও আজিজুর রহমান।





