স্টাফ রিপোর্টার ॥ পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে প্রেসকাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখা। করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। তারা ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পাটকল বন্ধ না করে ১২শ’ কোটি টাকা দিয়ে আধুনিকায়ন করার দাবি জানান। বক্তারা আরো বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। এ অবস্থায় সরকারকে তার সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহবান জানান তারা। মানববন্ধনে সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, হাফিজুর রহমান, সমীরণ বিশ্বাস ও তাইজেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে একই দাবিতে বেলা ১২টার দিকে শহরের ভোলাট্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখা। মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু। এসময় পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, করোনা সংক্রমণের এই দুর্যোগকালে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ফলে স্থায়ী-অস্থায়ী মিলে প্রায় ৫৫-৬০ হাজার শ্রমিক কাজ হারাবে। তাদের পরিবার এবং ৪০ লাখ পাটচাষি ও তাদের পরিবার, পাট ব্যবসায়ী মিলে মোট প্রায় সাড়ে তিন কোটি মানুষ চরম বিপাকে পড়বে। এ অবস্থায় সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহবান জানান তারা।





