স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে রাষ্ট্রায়ত্ত পাটকলের বিক্ষুব্ধ শ্রমিকরা মিল অভ্যন্তরে অবস্থানসহ সমাবেশ করেছেন। সোমবার সকালে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) শ্রমিকরা বেসরকারি খাতে মিল হস্তান্তরের প্রতিবাদে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান নিয়ে সমাবেশ করেন। জেজেআই শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেজেআই সিবিএ’র সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামান চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ রশিদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সদস্য জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য গাজী নওশের আলী, অ্যাডভোকেট আবুল হোসেন, ইকবাল কবির জাহিদ, শ্রমিকনেতা গোলাম আজম মিঠু, আবদুল হামিদ প্রমুখ। বক্তারা জাতীয় উৎপাদনশীলতা মজুরি কমিশনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। তারা আরও জানান, সরকারি সিদ্ধান্ত পরিবর্তন না হলে আগামীকাল বেলা ২টায় মিল অভ্যন্তরে শ্রমিকরা আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন।





