ঝিনাইদহে বেড়েছে চুরি ছিনতাই ডাকাতি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়েছে। সদর উপজেলার হলিধানী বাজারে আলামিন নামে এক চোর দামি মোটরসাইকেল হাঁকিয়ে চুরি করতে এসে ধরা পড়ে। অভিজাত এই চোর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের ইলিয়াস আলীর ছেলে। একই চোর গোবিন্দপুর গ্রামের আফতাবের ছেলে বকুলের বাড়িতে আত্মীয়তার পরিচয় দিয়ে দুই জোড়া কানের দুল, দু’টি সোনার চেইন, দু’টি আংটি, পায়ের নুপুর, কপালের টিকলি ও চার হাজার টাকা নিয়ে চম্পট দেয়। দিনমজুর বকুল এ সব হারিয়ে এখন দিশেহারা। সাধুহাটী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে হাবিজুদ্দীনের বাড়িতেও ওই চোর হানা দিয়ে ব্যর্থ হয়। মহেশপুর উপজেলার কাকিলদাড়ী মাঠে চাষ করতে যাওয়ার সময় জীবননগর-কালীগঞ্জ সড়কের কাটাখালি নামক স্থানে এক কৃষককে বেঁধে রেখে তার হালের গরু ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ছিনতাইয়ের কারণে পথে বসেছেন কৃষক কাকিলাদাড়ী গ্রামের কুড়োন মন্ডলের ছেলে আসাদুল ইসলাম। কালীগঞ্জে শিপন কম্পিউটারে চুরির ঘটনায় দু’আসামিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল ও নগদ টাকা উদ্ধার হয়। শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের দুলালপুর গ্রামের শামছুদ্দিন ও রেজাউলের বাড়িতে ডাকাতি হয়েছে। একই উপজেলার সাতগাছি গ্রামে প্রবাসীর বাড়িতে ঘটেছে চুরির ঘটনা। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় দুর্বৃত্তরা কৃষকের ৮টি গরু, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, বিদেশী কম্বলসহ মালামাল লুট করে। রাত আড়াইটার দিকে ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে দুর্বৃত্তরা ডাকাতি করে চলে যায়। হতদরিদ্র পরিবারের সন্তান বংকিরা গ্রামের সুজন বিশ্বাসের সম্বল বলতে একটি ইজিবাইক ছিল। ধারদেনা করে এই গাড়ি কিনে দেন তার ভগ্নিপতি বকুল জোয়ারদার। প্রতিদিন ভাড়া থেকে সংসার চালাতো সুজন। গত ১৩ জুন যাত্রীবেশে দুই ছিনতাইকারী তার ইজিবাইক ভাড়া নেয়। পরে সুজনকে অচেতন করে তারা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ২৫ জুন মাগুরাপাড়া গ্রামের বদর উদ্দীন মিস্ত্রির ছেলে আশিকুর রহমানের বাড়ি থেকে সুজনের ইজিবাইকের চাবি, মানি ব্যাগ ও স্যান্ডেল উদ্ধার করে পুলিশ। এই বাড়িটি ছিনতাইকারীরা উন্নয়ন কর্মী হিসেবে ভাড়া নেয় বদর উদ্দীন মিস্ত্রির কাছ থেকে। কিন্তু তাদের পরিচয়পত্র বা ছবি তিনি রাখেননি। তারা সুজনের ইজিবাইক ছিনতাই করে এলাকা ছেড়েছে। সর্বশেষ গত শনিবার সকালে ঝিনাইদহের সীমান্ত চুয়াডাঙ্গার জীবনা-ভুলটিয়ার মাঠে পুকুরে মাছের খাবার দেবার সময় জীবনা গ্রামের মহসিন বিশ্বাসের ছেলে ওবাইদুর রহমান টুটুর নতুন মোটরসাইকেল চুরি হয়। মাত্র ৭ মিনিটের মধ্যে এই চুরির ঘটনায় হতবাক হন টুটু। জীবনা গ্রামের জিয়া বিশ্বাস জানান, এই মাঠ থেকে তাদের গ্রামের প্রায় ৩০/৪০টি বাইসাইকেল চুরি হয়েছে। সাধুহাটী ইউনিয়নের অনেক অভিযোগ করেন, এনজিও কর্মী বা বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে বাইরের জেলার অপরিচিত দুর্বৃত্তরা হলিধানী, নগরবাথান, বৈডাঙ্গা, ডাকবাংলা, সাধুহাটী মোড়, ডাকবাংলা ত্রিমোহনী, শরোৎগঞ্জ, খাড়াগোদা, হিজলগাড়ি, দশমাইলসহ বিভিন্ন বাজার বা গ্রামে বাসা ভাড়া নিয়ে অপরাধ ঘটাচ্ছে। রাতে এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, তার ইউনিয়নে অপরিচিত মানুষ বসবাস করছে এমন তথ্য তিনি লোকমুখে শুনছেন। তিনি বিষয়টি দেখবেন বলে জানান। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, অপরাধীরা তো সবসময় সুযোগ খোঁজে অপরাধ করার জন্য। তবে পুলিশ বেশ সজাগ। অপরাধীদের দমন করতে তাৎক্ষণিকভাবে নানা কৌশল কাজে লাগাচ্ছে। তিনি বলেন, অভিনব চুরি থেকে রক্ষা পেতে সর্বপ্রথম মানুষকেই সচেতন হতে হবে। অপরিচিত মানুষদের বাড়িতে আশ্রয় না দেওয়া বা সন্দেহ হলে পুলিশকে জানাতে হবে।

ভাগ