যশোরে আইনজীবীদের মানববন্ধন : স্বাভাবিক নিয়মে আদালতের কার্যক্রমে ফিরে যাওয়ার দবি

স্টাফ রিপোর্টার ॥ ভার্চুয়াল কোর্ট নয়, স্বাভাবিক নিয়মে আদালতের কার্যক্রমে ফিরে যেতে চান যশোরের আইনজীবীরা। এ জন্য জুলাই মাসের মধ্যে চলমান ভার্চুয়াল কোর্ট বন্ধ করে স্বাভাবিক নিয়মে আদালতের কার্যক্রমে ফিরে যাওয়ার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন থেকে আইনজীবীরা ঘোষণা দেন, আগামী জুলাইয়ের মধ্যে চলমান ভার্চুয়াল কোর্ট পদ্ধতি বাতিল করে আগের মতো স্বাভাবিক নিয়মে ফিরে না গেলে তারা অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুরের নেতৃত্বে মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে আইনজীবী নেতারা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত তিন মাস ধরে আদালতের কার্যক্রম বন্ধ। সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজিস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টিতে মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে। এ অবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর বলেন, সরকার যে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম চালু করেছে এতে সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। কোনো সিভিল মামলা দাখিল হচ্ছে না। ভার্চুয়াল কোর্ট পরিচালনা করার জন্য সবার কাছে প্রযুক্তিগত সুবিধা নেই। আর যারা কোর্টে অংশ নিচ্ছেন তাদের আলাপচারিতাও সঠিকভাবে হচ্ছে না। এ অবস্থায় মানুষের আইনি অধিকার ফিরিয়ে দিতে আমি প্রধানমন্ত্রীর হস্তপে কামনা করছি। এ সময় তিনি জুলাইয়ের মধ্যে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু না হলে আদালত বর্জনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন।

ভাগ