লোকসমাজ ডেস্ক॥ করোনা সঙ্কট কাটিয়ে মাঠে নামার পর থেকে এখন পর্যন্ত চার ম্যাচের একটিতেও হারেনি রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে এস্পানিওলকে হারিয়ে বার্সেলোনা থেকে ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষ অবস্থান দৃঢ় করেছে স্প্যানিশ এই জায়ান্টরা। তবুও লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে চাইছেন না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। বরং এই ফরাসি কোচের মতে, চলতি লা লিগার শিরোপা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত। রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা জিদান এস্পানিওলের বিপক্ষে ম্যাচ শেষে বলেন, ‘চলতি লিগ শিরোপা আমরাই জিততে যাচ্ছি, এমন কোনো ভাবনাই ভাবছি না আমি। এবার মৌসুমের শেষ দিনে শিরোপা নিশ্চিত হবে।’
এদিকে চলতি লা লিগায় সেল্টা ভিগোর কাছে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। আবার অবনমন ঠেকানোতে ব্যস্ত এস্পানিওলের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। তাই লিগের তলানির দল নিয়ে জিদানের ভাষ্য, ‘পয়েন্ট তালিকার তলানির দলের বিপক্ষেই লড়াই কতটা কঠিন হলো। আসলে এই লিগে কী হবে, কেউ জানে না।’ এস্পানিওলের বিপক্ষে ব্রাজিলিয়ান ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে রিয়াল। তবে এই গোলের জন্য বড় কৃতিত্বের দাবিদার করিম বেনজেমা। এই ফরাসির দর্শনীয় এক ব্যাকহিল পাস থেকে বল জালে জড়ান ক্যাসেমিরো। আর বেনজেমার দারুণ অবদানের জন্য তাকে প্রশংসায় ভাসালেন কোচ জিদান। তিনি বলেন, ‘করিম যা কিছু করে তাতে আমি বিস্মিত হই না। সে এমন এক খেলোয়াড় যে মাঠে সবসময় নতুন কিছু করে। তাঁর বলের নিয়ন্ত্রণ, ব্যাকহিল এবং পাসটা ছিল দুর্দান্ত। এটা মৌসুমের অন্যতম সেরা মুহূর্ত হতে পারে।’ এরপরে আরও যোগ করেন, ‘আমার খেলোয়াড়দের নিয়ে আমি খুশি। ম্যাচের পর ম্যাচ জেতা সহজ নয়। আমাকে আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতেই হবে।’ চলতি লিগে ৩২ ম্যাচে ২১ জয় ও আট ড্রয়ে রিয়াল ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ৬৯ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে বার্সেলোনা।





