স্টাফ রিপোর্টার ॥ করোনাকালে মেসভাড়া শতকরা ৬০ ভাগ মওকুফের দাবিতে আবারও রাজপথে যশোরের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। গতকাল রোববার প্রেসকাব যশোরে সামনে সরকারি এমএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা পরিষদ অবস্থান কর্মর্সূচির আয়োজন করলে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, পরিবারের স্বচ্ছলতা না থাকা শিক্ষার্থীরা টিউশনি বা খন্ডকালীন কোন প্রতিষ্ঠানে কাজ করে মেস ও লেখাপড়া খরচ চালায়। কিন্তু করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে কারণে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে তারা কিভাবে মেস ভাড়া পরিশোধ করবে। এ জন্য তারা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শতকরা ৬০ ভাগ ভাড়া মওকুফের জোর দাবি জানান। এতে বক্তব্য রাখেন- বৈপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি পলাশ বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ পাল, জেলা ছাত্র ফেডারেশনের নেতা জান্নাতুল ফেরদৌস, সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক সুলতানা রিয়া, মানবতাবাদী মেস ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ আনোয়ার প্রমুখ।





