স্টাফ রিপোর্টার ॥ যশোরে একজন মুক্তিযোদ্ধা ও সাবেক কলেজ শিক্ষকের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। মুজিববর্ষে মুক্তিযোদ্ধা হিসেবে অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে এই টাকা হাতিয়ে নেয়া হয়। কোতয়ালি থানা পুলিশের এএসআই আলতাফ হোসেন জানান, সম্প্রতি একটি প্রতারকচক্র শহরের ঘোপ জেল রোড বাইলেনের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও সাবেক কলেজশিক্ষক ও সৈয়দ আবুল হোসেনের কাছে মোবাইল ফোন করে। ০১৬৪৬-৫১৪২২৭ নম্বর থেকে ফোন করে কলদাতা নিজেকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। এ সময় ওই মুক্তিযোদ্ধাকে বলা হয়, ‘বর্তমানে করোনার কারণে মুক্তিযোদ্ধা হওয়ায় মুজিববর্ষের অনুদান হিসেবে আপনাকে ১ লাখ ৯৫ হাজার টাকা দেয়া হবে। এই টাকা উত্তোলন করতে হলে জামানত হিসেবে আপনাকে নগদের (মোবাইল ব্যাকিং) ০১৮২৭-২২০৫১৫ নম্বরে ৩৮ হাজার ২শ’ টাকা পাঠাতে হবে’। এই কথা বিশ্বাস করে সৈয়দ আবুল হোসেন মোবাইল ব্যাকিং নগদের ওই নম্বরে দু’দফায় ৩৮ হাজার ৭৭০ টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাঠানোর পর তিনি ০১৬৪৬-৫১৪২২৭ নম্বরে ফোন করার চেষ্টা চালিয়ে দেখেন সেটি বন্ধ রয়েছে। এরপর তিনি বুঝতে পারেন যে, প্রতারকচক্রের খপ্পরে পড়েছেন। পুলিশের ওই কর্মকর্তা জানান, সৈয়দ আবুল হোসেন এ ঘটনায় থানায় জিডি করেছেন। তিনি এই জিডি তদন্ত করছেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।





