স্টাফ রিপোর্টার ॥ যশোরে দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি সুইট নিহতের ঘটনায় ঈগল পরিবহণের বাসচালকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। কোতয়ালি থানা পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত বাসচালকের নাম সহিদুল ইসলাম। তিনি সদর উপজেলার শাখারীগাতি গ্রামের মাজেদ মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার বড় মেঘলা গ্রামের বাসিন্দা ওষুধ কোম্পানির প্রতিনিধি সুইট গত ১ জানুয়ারি সন্ধ্যায় মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পথে নতুনহাট বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে ঈগল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৫-৩৩০৭) তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সুইটকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে খুলনায় হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানেও কোন উন্নতি না হওয়ায় খুলনা থেকে ঢাকায় নিয়ে যাবার পথে যশোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় উল্লিখিত বাসের চালককে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়।





