পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় জমি নিয়ে বিরোধে থানায় জিডি করায় প্রতিপক্ষের দায়ের কোপে একই পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘাট উপজেলার সোলাদানা ইউপির জামাইপাড়ায়। অভিযোগে জানা যায়, উপজেলার ভিলেজ পাইকগাছার মৃত সামছুর গাজীর ছেলে মফিজুল গাজর (৪০) সাথে একই এলাকার মোসলেম সানার পুত্র লিটন সানার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষ লিটন ও তার লোকজন বাধা দিলে মফিজুল থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানার পর একই দিন বিকেলে প্রতিপক্ষ লিটন, রাসেল, জাহানারা, রেশমা, আফিল সানা, আফজাল শেখ ও পারভিন বেগম অতর্কিতভাবে দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ লিটন গাজী ও রাসেলের দায়ের কোপে মফিজুল গাজী, তার ছেলে মাসুম পারভেজ, মা রাজিয়া রক্তাক্ত জখম হন। আহতরা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পাইকগাছা থানায় মফিজুল বুধবার থানায় অভিযোগ করেছেন। ওসি এজাজ শফী জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




