স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ এক সময় যার হাক ডাকে ঘুম ভাঙতো অনেক পাঠকের। সেই পত্রিকা পরিবেশক চৌগাছা উপজেলার হুদাফতেপুর গ্রামের শফিকুল ইসলাম শফি (৬০) অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি ব্রেনস্ট্রোক করে টাকার অভাবে বিনা চিকিৎসায় অতিকষ্টে জীবন পার করছেন। তাঁর চিকিৎসা ও পরিবারের ব্যয়ভার গ্রহণের জন্য জনপ্রতিনিধি ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন চৌগাছা প্রেস কাব ও রিপোর্টার্স কাবের নেতৃবৃন্দ।
উপজেলার হুদাফতেপুর গ্রামের শফিকুল ইসলাম শফি সামাজিক ও সচেতন একজন মানুষ। ’৯০ এর দশকে তিনি দৈনিক তথ্য পত্রিকায় সাংবাদিক হিসেবে উপজেলা প্রতিনিধি হয়ে কাজ শুরু করেন। তিনি দৈনিক রানার পত্রিকায়ও কাজ করেরেছন। কিন্তু পরিবারের আর্থিক সংকট ও দারিদ্র্যতা তার পিছু ছাড়েনি। ফলে উপজেলর প্রধান পত্রিকার পরিবেশক মরহুম মাও. সাইদুল ইসলামের কাছে পত্রিকা পরিবেশকের কাজে যোগদান করেন। উপজেলার সব সরকারি দপ্তর, স্কুল, কলেজ, হাঁটবাজার, রাজনৈতিক অফিস, বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে নিজ হাতে গ্রাহকের কাছে পত্রিকা পৌঁছে দিয়েছেন। স্ত্রী নাছিমা বেগম জানান, দেড়মাস আগে ব্রেনস্টোক করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর হাত-পা অবশ হয়ে গেছে। ঠিক মত কথাও বলতে পারছেন না। ওই অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে কিছুদিন চিকিৎসা করানো হয়। টাকার অভাবে ওষুধপত্র কিনতে পারি না। অতিকষ্টে দু সন্তান নিয়ে কোনোমতে বেঁচে আছি। একমাত্র ছেলে যার বয়স ১৫ বছর সে এখন মাঠে কাজ করে। সেখান যা রোজগার হচ্ছে তাই দিয়ে কোনরকমে সংসার চলছে। পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম শফির অসুস্থতায় তাঁর চিকিৎসার্থে আর্থিক সহায়তা কামনা করেছেন চৌগাছা প্রেস কাব ও রিপোর্টার্স কাবের নেতৃবৃন্দ। পরিবারের অনুরোধে যোগাযোগের ঠিকানা- শাহানুর আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক, চৌগাছা প্রেস কাব, মোবাইল-০১৭১৯-২৬৬৫৫৭।





