বেনাপোল সীমান্তে বিজিবি’র গুলিতে মাদক ব্যবসায়ী আহত

0

শার্শা ও নাভারণ (যশোর)সংবাদদাতা॥ যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে বৃহস্পতিবার ভোরে বিজিবি’র গুলিতে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। আহত মাদক আল আমিন (২৮) শার্শা উপজেলার পুটখালী গ্রামের নূরুল ইসলাম এর ছেলে। পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় বৃহস্পতিবার ভোরে একদল মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছে। এমন সংবাদে সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপর হামলা করে। তখন বিজিবি আত্মরক্ষার্থে মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায়। বিজিবি’র ছোড়া গুলি মাদক ব্যবসায়ী আল আমিনের ডান পায়ে বিদ্ধ হয়। আহত আল আমিনকেক আটক করে বিজিবি হেফাজতে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। বিজিবি এ সময় ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও একটি ধারালো হাসুয়া উদ্ধার করে। বিজিবি আরও জানায় গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেনসিডিলসহ আল আমিনকে মাদক মামলায় কারাগারে যায়্। জামিনে বাড়ি এসে আবারও ফেনসিডিল ব্যবসা শুরু করেছে । আল আমিনের নামে একাধিক মাদক মামলা রয়েছে।