খুলনায় করোনা সংক্রমণে রেকর্ড

খুলনা ব্যুরো ॥ খুলনায় করোনা সংক্রমণ পূর্বের সকল রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় খুলনা করোনা ডেটিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের। এনিয়ে খুলনা মহানগর ও জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ জন। সুস্থ হয়েছেন ১৩৪ জন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, গত ২৪ ঘন্টায় খুমেক ল্যাবে সর্বাধিক ৩৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৭২টি। অন্যদিকে খুলনার নমুনা সংগ্রহ ছিল ৩৫০টি, তার মধ্যে পজেটিভ হয় ১৫৬টি। এর মধ্যে ফলোআপ রিপোর্ট আছে ৮টি, যশোরের নতুন ১টি, ফলোআপ ২টি। এছাড়া বাগেরহাটের ৪টি পজেটিভ রিপোর্ট আসে। তিনি জানান, সবমিলে খুলনায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫, হাসপাতালে আছেন ৫১ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, নগরীর দৌলতপুর থানার পাবলা কবীর বটতলা এলাকার করোনা রোগী নেসার উদ্দিন (৫৬) কে ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়। নগরীর টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মো. ওমর ফারুককে (৫৪) একইদিন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ১১ টায় তারও মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ (৭০) এবং বুধবার সকাল সাড়ে ছয়টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামে দু’রোগীর মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনায় প্রাণ গেল মোট ১৮ জনের।

ভাগ