চৌগাছায় মনোয়ারা বেগম ফাউন্ডেশনের সহায়তায় চিকিৎসা পেলেন দু জন

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মনোয়ারা বেগম ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দরিদ্র পরিবারের দু জন অসুস্থ ব্যক্তি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। প্রথম ধাপের চিকিৎসায় তারা অনেকটা সুস্থবোধ করছেন। দ্রুত সময়ের মধ্যে দু ব্যক্তিই সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশা করছেন। মনোয়ারা বেগম ফাউন্ডেশনের এমন সহায়তা দানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। উপজেলার মনমতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে গোলাম রসুল (১৮) পেশায় বাসের হেলপার। চলতি বছরের প্রথম দিকে সড়ক দুর্ঘটনায় বলা চলে পঙ্গুত্ববরণ করেন। অর্থ অভাবে তিনি চিকিৎসা নিতে পারছিলেন না। দৈনিক লোকসমাজসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে মনোয়ারা বেগম ফাউন্ডেশন ওই পরিবারের পাশে দাঁড়ান। বর্তমানে তিনি সুস্থ অবস্থায় নিজ বাড়িতে আছেন। এদিকে উপজেলার গয়ড়া গ্রামের আলমগীর হোসেনের (৫৭) বাম পায়ে গ্যাংগ্রিন রোগ ধরা পড়ে। খবর পেয়ে মনোয়ারা বেগম ফাউন্ডেশন তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। সম্প্রতি তার পা অপারেশন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতেই আছেন। ভুক্তভোগীরা জানান, মনোয়ারা বেগম ফাউন্ডেশন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন শারীরিকভাবে সুস্থ হয়ে তারা বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। মনোয়ারা বেগম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান বলেন, দু’টি পরিবারই চরম অসহায়। টাকা অভাবে তারা চিকিৎসা নিতে পারছিল না। মানবিক দিক বিবেচনা করে ফাউন্ডেশন ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে।

ভাগ