খুলনায় করোনা সংক্রমণের রেকর্ড : আক্রান্ত ১৩৬২, মৃত্যু ১৮

খুলনা সংবাদদাতা ॥ খুলনায় করোনা সংক্রমণ পূর্বের সকল রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে, খুলনা মহানগর ও জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ জনে। এর মধ্যে মারা গেছেন ১৮জন। আর সুস্থ হয়েছেন ১৩৪ জন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় খুমেক ল্যাবে সর্বাধিক ৩৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৭২টি। অন্যদিকে খুলনার নমুনা সংগ্রহ ছিল ৩৫০টি, তার মধ্যে পজেটিভ হয় ১৫৬টি। এর মধ্যে ফলোআপ রিপোর্ট আছে ৮টি, যশোরের নতুন ১টি, ফলোআপ ২টি। এছাড়া বাগেরহাটের ৪টি পজেটিভ রিপোর্ট আসে। এ সময় খুলনা করোনা ডেটিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালে উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের। উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ আরও জানান, সবমিলে খুলনায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫, হাসপাতালে আছেন ৫১ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, নগরীর দৌলতপুর থানার পাবলা কবীর বটতলা এলাকার করোনা রোগী নেসার উদ্দিনকে (৫৬) ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। নগরীর টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মো. ওমর ফারুককে (৫৪) একইদিন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ১১টায় তারও মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ (৭০) এবং বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামে দু’ রোগীর মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনায় প্রাণ গেল মোট ১৮ জনের। অন্যদিকে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে প্রায় ৬৫ জনের।

ভাগ