ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজের সকলের করোনা টেস্টের ফল ‘নেগেটিভ’

লোকসমাজ ডেস্ক॥ ৮ জুলাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সূচি শুরু করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনার এই সঙ্কটকালীন সময়ে সিরিজ আয়োজন করায় খেলোয়াড়দের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে ইসিবি আয়োজক দেশ হিসেবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে। বিশেষ করে অতিথি দল ওয়েস্ট ইন্ডিজের জন্য বায়ো-সিকিউর পরিবেশ তৈরি করা ছাড়াও সিরিজ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট করিয়েছে ইসিবি। গত ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ২০ দিনে সিরিজ সংশ্লিষ্ট মোট ৭০২ জন ব্যক্তির করোনা পরীক্ষা করিয়েছে ইসিবি। আশার বিষয় হলো, এর মধ্যে কারোরই কোভিড-১৯ পজিটিভ আসেনি। অর্থাৎ সিরিজ সংশ্লিষ্ট সবাই করোনামুক্ত রয়েছেন। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ইসিবি।
সিরিজ সংশ্লিষ্ট সকলের মধ্যে করোনা পরীক্ষা করানোদের মধ্যে রয়েছেন ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, ভেন্যু অফিশিয়াল, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্টাফ এমনকি খেলোয়াড়রা যে হোটেলে থাকছে সেখানকার স্টাফসহ এর সঙ্গে জড়িত সবাই। সবার মধ্যে কেবল ইংল্যান্ডের গতিময় পেসার জোফরা আর্চারের করোনা টেস্ট করা হয়েছে দুইবার। প্রথমবার করানোর পর নেগেটিভই এসেছিল আর্চারের। তবে এরপরই করোনা আক্রান্তের খবর পাওয়া যায় আর্চারের বাসা থেকে। তাঁর গৃহপরিচারিকা আক্রান্ত হয়েছেন করোনায়। এরপর বুধবার আবার করোনা টেস্ট করা হয় আর্চারের। এবারও করোনা নেগেটিভ আসায় আজ থেকে দলের সঙ্গে অনুশীলনে দেখা যাবে আর্চারকে। এদিকে ইসিবি নিজেদের এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি গত ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত খেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি আমরা। এর মধ্যে রয়েছে ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, ভেন্যু অফিশিয়াল, ইসিবি স্টাফ, হোটেল স্টাফসহ জড়িত সবাই। আর এতে মোট অংশ নিয়েছেন ৭০২ জন। আর ৭০২টি পরীক্ষার সবগুলো নেগেটিভ এসেছে।’ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৮ জুলাই হবে সাউদাম্পটনে। এরপর ১৬ ও ২৪ জুলাই বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে।

ভাগ