লোকসমাজ ডেস্ক॥ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টির চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতারের রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিদিশা এরশাদ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বারিধারা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদ। মিলাদে এরশাদের ছেলে এরিক এরশাদ ছাড়াও জাপার জ্যেষ্ঠনেতা প্রফেসর দেলোয়ার হোসেন খান, কাজী মামুনুর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী, এরিকের আইনজীবী কাজী রুবায়েত হাসান, বিদিশার বড় বোন বিলকিস হুদা, এরিকের ছোট বোন মায়ামিন রানিয়া, অরবিন্দ জেমসসহ পার্টির নেতাকর্মীরা অংশ নেন। এর আগে খালেদ আখতারের রোগমুক্তি কামনা করে দিনভর কোরান খতম শেষে এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। মেজর অব. খালেদ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমইএইচ’র আইসিইউতে চিকিৎসাধীন।





