লোকসমাজ ডেস্ক॥ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে সরিয়ে চীনের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন দেশটির সবচেয়ে বড় গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্টের মালিক পনি মা। তার মোট সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি ডলার। অন্যদিকে, জ্যাক মা’র মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি ডলার। চলতি সপ্তাহে পনি মা’র প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের মূল্য ৪ হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। এশিয়ার সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান হিসেবে আলিবাবা হোল্ডিংস লিমিটেডকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে টেনসেন্ট। এ খবর দিয়েছে ব্লুমবার্গ।খবরে বলা হয়, চীনের ধনীদের তালিকায় কেবল দুই মা-এর অবস্থানেই রদবদল হয়নি। রিয়েল এস্টেট মোগল হুই কা ইয়ানকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন ই-কমার্স প্ল্যাটফর্ম পিনদুয়োদুয়োর প্রতিষ্ঠাতা কলিন হুয়াং। ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্স অনুসারে, হুয়াংয়ের বর্তমান মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৩০০ কোটি ডলার।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারিতে কাজের ধরণে পরিবর্তন এসেছে। অনেক কাজই ডিজিটাল রুপ নিচ্ছে। পাল্টে যাচ্ছে ভোক্তাদের অভ্যাস। আর এ সুযোগে তরতর করে বেড়ে উঠছে ইন্টারনেট-ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। চীনের শীর্ষ ধনীদের তালিকা দখল করে নিচ্ছে প্রযুক্তি জায়ান্টগুলো। শীর্ষ পাঁচটি স্থানের মধ্যে চারটিই তাদের দখলে।
প্রসঙ্গত, ২০১৮ সালে চীন নতুন গেম তৈরির অনুমোদন প্রক্রিয়া স্থগিত করে দিলে ধস নেমেছিল টেনসেন্টের ব্যবসায়। এরপর থেকে বেশ দ্রুত উত্তরণ ঘটেছে প্রতিষ্ঠানটির। এতদিনে প্রতিষ্ঠানটির স্টক দ্বিগুণ হয়েছে। গত মাসে টেনসেন্ট জানায়, প্রথম প্রান্তিকে তাদের আয় ২৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। ব্লুমবার্গ ইন্টিলিজেন্সের বিশ্লেষক ভে-সার্ন লিং বলেন, টেনসেন্টের অনলাইন গেমগুলো কভিড-১৯ মহামারির মধ্যে সম্ভবত আরো ভালো পারফর্ম করবে। এছাড়া, প্রতিষ্ঠানটির অন্যান্য ব্যবসায়ও মহামারির প্রভাব পড়েনি। ৪৮ বছর বয়সী পনি মা’র জন্য এটা এক বিশাল সৌভাগ্য বয়ে এনেছে।





