তালা (সাতীরা) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসে আক্রান্ত সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া গ্রামের শিশু রিয়াদ হোসেন সুস্থ হয়ে উঠেছে। তবে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসা চলছে। সে কলিয়া গ্রামের মো. তবিবুর রহমান মোড়লের ছেলে। জানা গেছে, রিয়াদ হোসেন (১৩) দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। সেখান থেকে বাড়ি ফেরার পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা তালা হাসপাতালের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে গত ৩০ মে রিয়াদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে শিশু রিয়াদ আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, গত ১২ জুন শিশু রিয়াদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য প্রেরণ করা হয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে তার করোনা পরীা নেগেটিভ এসেছে। শিশু রিয়াদ করোনা ভাইরাসকে জয় করে এখন পুরোপুরি সুস্থ। এ নিয়ে তালা উপজেলায় ৫ নারীসহ মোট ১৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হলেও রিয়াদসহ দু জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানান তিনি।





