যশোরে রাসেল হত্যা মামলার আসামি আমির আটক, আদালতে স্বীকার

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়ার আলোচিত সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেনকে (৪২) আটক করেছে ডিবি পুলিশ। তিনি বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ার ইদ্রিস আলী ওরফে মাদ্রাসের ছেলে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, গত ১৫ এপ্রিল রাতে বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ার আবু সালেক মৃধার ছেলে সাব্বির আহমেদ রাসেল নিজ বাড়ির কাছে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ সময় তার বড়ভাই আল আমিন গুরুতর জখম হন। এ ঘটনায় নিহতের পিতা আবু সালেক মৃধা ২৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এই হত্যা মামলাটি তারা তদন্ত করছেন। গত মঙ্গলবার রাতে তারা রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেনকে ঝিকরগাছা থেকে আটক করেছেন। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাগ